যুদ্ধ থামাতে ইরানের ৩ ধাপ প্রস্তাব

যুদ্ধবিরতি, হরমুজ ব্যবস্থাপনা ও পরমাণু আলোচনার রূপরেখা; বার্তা পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে।
টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ বন্ধে তিন স্তরের নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে পাঠানো এই প্রস্তাবে যুদ্ধবিরতি থেকে শুরু করে আঞ্চলিক নিরাপত্তা ও পরমাণু কর্মসূচি নিয়ে ধাপে ধাপে সমঝোতার রূপরেখা তুলে ধরা হয়েছে।
ইরানের প্রস্তাবের প্রথম ধাপে রয়েছে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইরান ও লেবাননে ভবিষ্যৎ আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা। তেহরানের অবস্থান— এ নিশ্চয়তা ছাড়া পরবর্তী কোনো আলোচনায় অগ্রসর হওয়ার সুযোগ নেই।
দ্বিতীয় ধাপে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালীর পরিচালনা, নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা এগোনোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধাপটি শুধু যুদ্ধবিরতি নয়, বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নও সামনে এনেছে।
তৃতীয় ধাপে, আগের দুই পর্যায়ে সমঝোতা হলে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর কথা বলা হয়েছে। অর্থাৎ তেহরান পরমাণু আলোচনাকে সরাসরি নয়, বরং বিস্তৃত রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে দেখতে চাইছে।
মার্কিন প্রশাসন প্রকাশ্যে এ প্রস্তাব নিয়ে বিস্তারিত মন্তব্য না করলেও হোয়াইট হাউস জানিয়েছে, সংবেদনশীল কূটনৈতিক বিষয় সংবাদমাধ্যমে আলোচনা করা হবে না। একইসঙ্গে ওয়াশিংটনের অবস্থান— যেকোনো চুক্তি হতে হবে যুক্তরাষ্ট্রের স্বার্থসংগত এবং ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার নিশ্চয়তাসহ।
গত ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফা মার্কিন-ইরান সংলাপ ব্যর্থ হওয়ার পর নতুন এই প্রস্তাবকে কূটনৈতিক অচলাবস্থা ভাঙার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরপরই তেহরানের এ উদ্যোগ নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা কূটনৈতিক মহলে।






