পুলিশের জ্বালানি রেশনিং প্রত্যাহার: প্রধানমন্ত্রী

জরুরি সেবায় আর নেই সীমাবদ্ধতা, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা।
টুইট ডেস্ক: পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং বা সীমাবদ্ধতা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর থাকা জ্বালানি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও ইতোমধ্যে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। ফলে টহল বা জরুরি সেবায় আর কোনো বিঘ্ন থাকার কথা নয়।
সংসদে কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যাকাণ্ড এবং পুলিশের টহল কমে যাওয়ার বিষয় তুলে ধরে মনিরুল হক চৌধুরী দাবি করেন, জ্বালানি রেশনিংয়ের কারণে রাতের টহল দুর্বল হয়ে পড়েছে, যা অপরাধ বাড়ার ঝুঁকি তৈরি করছে।
এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, পুলিশ ও জরুরি বাহিনীর জ্বালানি সীমাবদ্ধতা প্রত্যাহারের সিদ্ধান্ত আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় স্বস্তি ফিরিয়ে আনবে। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






