এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস

‘রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস’ আইনের ৩সি ধারা বিলুপ্ত; আলোচনা ছাড়াই অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা সংক্রান্ত ধারা বিলুপ্ত করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। রোববার সংসদে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩ (সংশোধন) বিল’ পাস করা হয়।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। বিলটির ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই তা পাস হয়। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সংশোধনীটি অনুমোদন দেওয়া হয়েছিল।

বিল পাসের মাধ্যমে বিদ্যমান আইনের ৩সি ধারা বিলুপ্ত করা হয়েছে। এই ধারায় সংসদ সদস্যদের তাদের পুরো মেয়াদকালে নির্দিষ্ট শর্তে মূল্য সংযোজন কর, উন্নয়ন সারচার্জ ও আমদানি পারমিট ফি ব্যতীত একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ ছিল।

এছাড়া সর্বশেষ আমদানির পাঁচ বছর পর আরেকটি নতুন গাড়ি আমদানির সুযোগও ছিল ওই ধারায়।

প্রসঙ্গত, সরকারি ও বিরোধী—উভয় দলই আগেই ঘোষণা দিয়েছিল, তারা শুল্কমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ করবে না।