অতিথি সেজে ট্রাম্পকে হত্যার চেষ্টা; সন্দেহভাজন শিক্ষক আটক

ওয়াশিংটনের নৈশভোজে গুলির ঘটনায় নতুন তথ্য, অস্ত্রসহ ধরা পড়লো হামলাকারী।

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে পরিকল্পিত হামলার অভিযোগে কোল টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি হোটেলের অতিথি সেজে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনের কাছ থেকে একটি শটগান, একটি পিস্তল এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি পূর্বপরিকল্পিতভাবে বড় ধরনের হামলার উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছিলেন।

ঘটনাটি ঘটে ওয়াশিংটনের একটি হোটেলে আয়োজিত সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে। গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এ সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকেও মঞ্চ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা দুজনই সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।

আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, হামলাকারী আগেই পরিকল্পনা করে হোটেলে অবস্থান নিয়েছিল এবং সুযোগের অপেক্ষায় ছিল। তবে সে এককভাবে নাকি কোনো চক্রের অংশ হিসেবে এই পরিকল্পনা করেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।