বাস ভাড়া কিলোমিটারপ্রতি বাড়ল ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে নতুন ভাড়া কার্যকর।

টুইট ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব এবার পড়েছে গণপরিবহনের ভাড়ায়। নতুন সমন্বয়ে বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই এ নতুন ভাড়া কার্যকর হবে।

সচিবালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ সিদ্ধান্তের কথা জানান।

বর্তমান নির্ধারিত ভাড়া অনুযায়ী দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ১২ পয়সা। নতুন সমন্বয়ের ফলে তা আরও বৃদ্ধি পেল। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা নির্ধারিত রয়েছে।

সরকার জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও জ্বালানি তেলের দামের পরিবর্তনের ওপর ভিত্তি করে ভবিষ্যতে ভাড়া সমন্বয় করা হবে। একই সঙ্গে জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও কমানোর আশ্বাস দেওয়া হয়েছে।