বগুড়ায় প্রধানমন্ত্রীর প্রথম সফর

ছবি: সংগৃহিত

নিজ জেলায় উন্নয়ন উদ্বোধন ও জনসভা ঘিরে রাজনৈতিক তাৎপর্য

বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় সফরে গেছেন। সোমবার ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান

সফরসূচি অনুযায়ী, বেলা এগারোটায় জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর জজ আদালতে ই-জামিন বন্ধন পদ্ধতির উদ্বোধন এবং বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন তিনি, যা স্থানীয় প্রশাসনিক কাঠামোয় একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

দুপুরের আগে তিনি শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন। জনস্বাস্থ্য খাতে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপির আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই জনসভাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরকে বগুড়াবাসী বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন। নিজ জেলায় প্রথম সফরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বৃহৎ জনসমাবেশের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের প্রচেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।