রাত ৩টা পর্যন্ত দলীয় কার্যালয়ে কাজ প্রধানমন্ত্রীর

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে গভীর রাত পর্যন্ত ব্যস্ততা।
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে দলীয় রাজনৈতিক কার্যালয়ে বসে গভীর রাত পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা পর্যন্ত তিনি কার্যালয়ে অবস্থান করে গুরুত্বপূর্ণ দলীয় কার্যক্রম পরিচালনা করেন বলে নিশ্চিত করেছেন তার ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
এ সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও সেলিমা রহমানসহ দলের শীর্ষ নেতারা।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রমে অংশ নেন প্রধানমন্ত্রী।
শনিবার বিকেল থেকে শুরু হওয়া এই সাক্ষাৎকার কার্যক্রমে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার প্রার্থীরা অংশ নেন। রাত গভীর পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকে।
দলীয় সূত্রে জানা যায়, প্রার্থীদের বাছাই প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েই দীর্ঘ সময় ধরে এ সাক্ষাৎকার গ্রহণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।






