এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন ‘সম্পূর্ণ ভিত্তিহীন’: রুমিন ফারহানা

বিভিন্ন দলের প্রস্তাব পেলেও আদর্শের সঙ্গে আপস করবেন না-সুস্পষ্ট অবস্থান।
টুইট ডেস্ক: এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা।
শুক্রবার জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে (বাংলা) আয়োজিত একটি টক শোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।” তিনি জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যে আলোচনা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
তিনি আরও বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে। এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে তিনি বিষয়টি গুরুত্ব দেননি।
রুমিন ফারহানা বলেন, “বিভিন্ন দল থেকে যোগাযোগ আসতেই পারে। এনসিপিও বলেছে তাদের সঙ্গে কাজ করার জন্য। কিন্তু আমি সেটিকে হালকাভাবে নিয়েছি, এ নিয়ে আলোচনা বাড়াইনি।”
সংসদে কথা বলার সুযোগ বাড়ানোর জন্য এনসিপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, শুধুমাত্র কথা বলার সুযোগের জন্য কোনো দলে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, নিজের রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও অবস্থান বিসর্জন দিয়ে কেবল সংসদে কথা বলার সুযোগ নেওয়ার কোনো ইচ্ছা তার নেই।






