রাজশাহীতে তেল মজুদ করে বেশি দামে বিক্রি, গ্রেপ্তার ১

ফিলিং স্টেশনের কর্মচারীদের যোগসাজশে অবৈধ বেচাকেনা; জরিমানা ও জ্বালানি জব্দ।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ ও বেশি দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) নগরীর বোয়ালিয়া এলাকায় পরিচালিত অভিযানে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।
আদালত সূত্রে জানা যায়, আটক রাকিব হাসানের কাছ থেকে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। পরে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জ্বালানি বাজারমূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে এবং জরিমানাসহ প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাকিব ফিলিং স্টেশনের কিছু অসাধু কর্মচারীর সঙ্গে মিলে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। এরপর সেগুলো ভবনের বেসমেন্টে মজুদ রেখে বাইকারদের কাছে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতেন।
এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা বেশ কিছুদিন ধরে বিষয়টি নজরদারিতে রাখছিলেন। বৃহস্পতিবার রাতে সংস্থাটির এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে গেলে রাকিব বিক্রিতে সম্মত হন। তখনই তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা জানান, বেসমেন্টে থাকা বোতল ও জারের পরিমাণ দেখে ধারণা করা হচ্ছে, সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে অবৈধভাবে বিক্রি করা হয়েছে।
জ্বালানির অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






