স্পিকারের মন্তব্য নিয়ে মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ‘শাহবাগ স্কয়ার’ মন্তব্যকে অন্যায্য বললেন তিনি

টুইট ডেস্ক: জাতীয় সংসদে স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ মন্তব্য নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি বলেন, সংসদে বিরোধী দলের সদস্যদের পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না। একই বিষয়ে সরকারি দলের সদস্যরা দীর্ঘ সময় বক্তব্য রাখলেও বিরোধী সদস্যদের সীমিত সময় দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, কোনো বিষয়ে একজন সদস্য ৪০ থেকে ৪৫ মিনিট কথা বললেও তাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছে। এতে করে যুক্তি উপস্থাপন বা ভুলের জবাব দেওয়ার সুযোগ থাকে না। তিনি এই সময় বণ্টনকে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে উল্লেখ করেন।

সময় বাড়ানোর অনুরোধ জানালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, ইটস পার্লামেন্ট’ মন্তব্য করেন বলে জানান তিনি। এই মন্তব্যকে অন্যায্য উল্লেখ করে এর প্রতিবাদ জানান হাসনাত।

এর আগে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্কের সময় উত্তেজনা তৈরি হয়। এ সময় হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে প্রতিবাদ জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার ওই মন্তব্য করেন।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদের পরিবেশ শান্ত রাখতে বিরোধী দলকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বর্তমান সংসদকে অতীতের তুলনায় বেশি কার্যকর ও সহযোগিতামূলক বলেও মন্তব্য করেন।