শাহজালালে ফ্লাইট বিপর্যয়, বাতিল ছাড়ালো ১০৬০

মধ্যপ্রাচ্যের আকাশসীমা সংকটে আন্তর্জাতিক রুটে স্থবিরতা, চরম ভোগান্তিতে যাত্রী ও প্রবাসীরা।

টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালালে।

আকাশসীমা বন্ধ ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তায় এ পর্যন্ত মোট ১ হাজার ৬০টি ফ্লাইট বাতিল হয়েছে, যা আন্তর্জাতিক যাত্রী ও পণ্য পরিবহনে বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকট ধাপে ধাপে তীব্র আকার ধারণ করে।

ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় এসব গন্তব্যে চলাচলকারী বিমানগুলো নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে পারেনি।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত বাতিল হয়েছে ৩৩৯টি ফ্লাইট।

এরপর ১০ থেকে ১৯ মার্চে ২৭৫টি, ২০ থেকে ২৯ মার্চে ২২৬টি এবং ৩০ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত আরও ১৬০টি ফ্লাইট বাতিল হয়।

সর্বশেষ ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত যুক্ত হয়েছে আরও ৬০টি বাতিল ফ্লাইট।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বাতিলের সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।

আকাশসীমা পুনরায় চালু হওয়া এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপরই নির্ভর করছে ফ্লাইট পরিচালনার ভবিষ্যৎ।

এদিকে, এই সংকটে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা।

অনেকে নির্ধারিত সময়ে গন্তব্যে যেতে না পেরে চাকরি ও আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন।

পাশাপাশি, আটকে পড়া যাত্রীদের ভোগান্তি দিন দিন বাড়ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদি এই অচলাবস্থা দেশের বৈদেশিক আয়, বাণিজ্যিক সরবরাহ ব্যবস্থা এবং শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তাই দ্রুত কূটনৈতিক ও আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।