৪২ দিনে কোনো গুম বা ক্রসফায়ার হয়নি: সংসদে আইনমন্ত্রী

মানবাধিকার রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
টুইট ডেস্ক: জাতীয় সংসদে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বর্তমান সরকারের প্রায় ৪২ দিনের মেয়াদে দেশে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি। তিনি বলেন, সরকার মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো সুযোগ দেওয়া হবে না।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল-২০২৬’ উত্থাপনের সময় বিরোধী দলের সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আইনমন্ত্রী বলেন, “এই সরকারের বয়স মাত্র ৪২ দিন। চাইলে প্রতিহিংসার রাজনীতি করা যেত। কিন্তু এই সময়ে বাংলাদেশের একজনও ক্রসফায়ারের বা গুমের শিকার হয়নি। মানবাধিকারের রেকর্ডই দেখাচ্ছে আমরা কোন পথে হাঁটছি।”
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের শিকার পরিবারগুলো হলো জিয়া ও বিএনপি পরিবার। বর্তমান সরকার চায় না, কোনো মা-বোনকে সন্তানের জন্য অপেক্ষা করতে গিয়ে চোখের জল ফেলতে হয়।
মানবাধিকার কমিশন বিল নিয়ে আইনমন্ত্রী ব্যাখ্যা করেন, ২০২৫ সালের অধ্যাদেশটি তড়িঘড়ি ভাবে প্রণীত হয়েছিল, যা আইনি অসংগতি ছিল—বিশেষ করে ক্ষতিপূরণ ও জরিমানা বিষয়ে স্পষ্ট গাইডলাইন ছিল না। তাই স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি স্বচ্ছ ও শক্তিশালী আইন করার উদ্দেশ্যে ২০২৫ সালের অধ্যাদেশ যাচাই-বাছাই করা হচ্ছে। অন্তর্বর্তী সময়ে দেশে মানবাধিকার কমিশনের আইনি শূন্যতা এড়াতে সাময়িকভাবে ২০০৯ সালের আইন পুনঃপ্রচলিত হয়েছে।






