যশোরে ফিলিং স্টেশনে শিক্ষক ও সাংবাদিকদের অগ্রাধিকারের নির্দেশ

পেশাগত দায়িত্ব সচল রাখতে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের বিশেষ পদক্ষেপ

টুইট ডেস্ক: জ্বালানি তেলের চলমান সংকট ও পাম্পগুলোতে দীর্ঘ লাইন বিবেচনায় যশোরের ঝিকরগাছায় নির্দিষ্ট কিছু পেশাজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনী খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

জরুরি সেবা এবং সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ পেশাগত কার্যক্রম সচল রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

অগ্রাধিকার পাবেন যারা

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিলিং স্টেশনে তেল মজুদ থাকা সাপেক্ষে বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শনপূর্বক নিম্নলিখিত পেশাজীবীরা অগ্রাধিকার পাবেন:

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী

পুলিশ ও প্রশাসন

সাধারণ চাকরিজীবী

শিক্ষক

সাংবাদিক

আলাদা লাইনের ব্যবস্থা

ইউএনও স্বাক্ষরিত নির্দেশনায় সকল ফিলিং স্টেশন মালিক ও ব্যবস্থাপকদের বলা হয়েছে, উল্লেখিত পেশাজীবীদের জন্য প্রয়োজনে আলাদা লাইনের ব্যবস্থা করতে হবে অথবা তাদের অগ্রাধিকার ভিত্তিতে তেল সরবরাহ করতে হবে। সাধারণ জনগণের ভোগান্তি কমাতে এবং সরকারি-বেসরকারি দাপ্তরিক কাজ ও মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহ যাতে ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা। একই সাথে এই নির্দেশনাটি পাম্পের দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য বলা হয়েছে।

ইউএনও-র বক্তব্য

উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন জানান, বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহে কিছুটা সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত ব্যক্তিরা যাতে সময়মতো তাদের কর্মস্থলে পৌঁছাতে পারেন, সেজন্যই পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে এই সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি তেল অপচয় রোধ, অবৈধ মজুত বন্ধ এবং ন্যায্যমূল্যে জ্বালানি বিক্রি নিশ্চিত করতে পাম্প মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝিকরগাছা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক ও সাংবাদিক সমাজ। তাদের মতে, এর ফলে পেশাগত দায়িত্ব পালন অনেকটাই সহজতর হবে।