রাতভর হামলা, ইরাকে নিহত ৭

যুদ্ধবিরতির ঘোষণার আগে বাড়ছে রক্তপাত, শিশু নিহতের ঘটনায় উদ্বেগ।
টুইট মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ওঠার মধ্যেই ইরাক-এ রাতভর একাধিক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান-এর ঘোষিত যুদ্ধবিরতির ঠিক আগে এই প্রাণহানির ঘটনা ঘটে।
দক্ষিণাঞ্চলের বসরা প্রদেশের খোর আল-জুবাইর এলাকায় একটি বসতবাড়িতে বিমান হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় বাড়িটিতে পাঁচজন অবস্থান করছিলেন। ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজধানী বাগদাদ-এ একই রাতে আরেকটি হামলায় একটি বাড়িতে প্রজেক্টাইল আঘাত হানলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে অন্তত দুইজন নিহত হন, যার মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এদিকে উত্তরাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকায় ইরান থেকে ছোড়া বলে ধারণা করা একটি ড্রোন হামলায় এক দম্পতি নিহত হয়েছেন।
স্থানীয় প্রশাসন বলছে, লক্ষ্যবস্তু ছিল একটি আবাসিক বাড়ি, যা সরাসরি আঘাতে বিধ্বস্ত হয়।
এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি সাময়িক স্বস্তি আনতে পারে, তবে ধারাবাহিক হামলা প্রমাণ করছে,অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বেসামরিক হতাহতের এই প্রবণতা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি কার্যকর রাখা কঠিন হয়ে পড়বে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র আকার নিতে পারে।






