ট্রাম্পের হুমকি ‘নৈতিকভাবে নিন্দনীয়

আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে আগ্রাসনের ইঙ্গিত, সতর্ক করলেন মানবাধিকার বিশেষজ্ঞ

টুইট ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক হুমকিকে ‘নৈতিকভাবে নিন্দনীয় ও আইনগতভাবে অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধ্যাপক মাইকেল ব্যাকার,সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প “আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে” বলে যে মন্তব্য করেছেন, তা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এ প্রসঙ্গে মাইকেল বেকার বলেন, এ ধরনের বক্তব্য নির্বিচার ধ্বংসযজ্ঞের ইঙ্গিত বহন করে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সম্ভাব্য যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।

তিনি আরও উল্লেখ করেন, কোনো রাষ্ট্রের বেসামরিক জনগণের ওপর পরিকল্পিত হামলা কেবল যুদ্ধাপরাধই নয়, বরং মানবতাবিরোধী অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। যদিও ট্রাম্প তার পোস্টে “এটা ঘটতে দিতে চান না” বলে উল্লেখ করেছেন, তবুও বেকারের মতে, এমন দ্ব্যর্থবোধক ভাষা মূলত আগ্রাসনের হুমকিকে আড়াল করার কৌশল।

বিশ্লেষকদের মতে, এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক সম্পর্ককে আরও অস্থির করে তুলতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে।

বেকার স্পষ্টভাবে বলেন, এটি কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয়, বরং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সম্ভাব্য ইঙ্গিত বহন করে।

তিনি রিপাবলিকান পার্টির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান, এ ধরনের ‘লজ্জাজনক’ বক্তব্যের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে।

আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে দায়িত্বশীল নেতৃত্বের অভাবই এমন বিতর্কিত ও ঝুঁকিপূর্ণ বক্তব্যের জন্ম দিচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের সংঘাতের কারণ হতে পারে।