ট্রাম্পই জানেন পরবর্তী পদক্ষেপ

ইরানকে সময়সীমা বেঁধে দিলো যুক্তরাষ্ট্র, উত্তেজনা চরমে।
টুইট ডেস্ক: ওয়াশিংটন ও তেহরান ঘিরে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে।
হোয়াইট হাউসের প্রেস সচিব জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংকট কোন পর্যায়ে রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে,তা একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ই জানেন।
মঙ্গলবার এক ব্রিফিংয়ে প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টা পর্যন্ত তেহরানকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়।
এই সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না এলে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে,সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
লেভিট আরও বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং দ্রুত পরিবর্তনশীল।
যুক্তরাষ্ট্র প্রশাসন নিবিড়ভাবে সবকিছু পর্যবেক্ষণ করছে। তবে সম্ভাব্য প্রতিক্রিয়া বা কৌশল সম্পর্কে কোনো আগাম ইঙ্গিত দিতে চাননি তিনি।
অন্যদিকে ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের চাপকে প্রত্যাখ্যানের ইঙ্গিত দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
পর্যবেক্ষকরা বলছেন, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর ইউনাইটেড স্টেটস কী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি।
যেকোনো সিদ্ধান্ত আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
বর্তমান প্রেক্ষাপটে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও সামরিক উত্তেজনার ঝুঁকি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না,এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।





