নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, উপস্থাপিত হচ্ছে ১৭টি প্রকল্প

নদী, জলবায়ু, অবকাঠামো ও স্বাস্থ্য খাতে ১৩ হাজার কোটি টাকার ব্যয়, পদ্মা ব্যারাজ প্রকল্প বাদ।

টুইট ডেস্ক: নতুন সরকারের গঠনের পর আজ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক বসছে। প্রাথমিকভাবে বৈঠকে ১৮টি প্রকল্প উত্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত ১৭টি প্রকল্পই উপস্থাপন হতে পারে। এই প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ১৩ হাজার ১৬১ কোটি টাকা।

সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে সকাল সাড়ে ১০টায় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নদী, পানি ও জলবায়ু, অবকাঠামো, সড়ক উন্নয়ন, স্বাস্থ্যখাত, প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। তবে আলোচিত ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ বাদ পড়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, চূড়ান্ত ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি, জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে ৪টি; অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ৫টি; সড়ক নির্মাণ ও উন্নয়ন ৩টি; মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ হাসপাতাল ২টি; প্রযুক্তি উন্নয়ন ও অংশীদারিত্বমূলক উন্নয়ন ১টি প্রকল্প।

বৈঠকে আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ এবং ৮টি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল ও অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প।

অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে প্রস্তাবিত প্রকল্পগুলো সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিকনির্দেশনা হিসেবে দেখা হবে। অধ্যাপক মো. আইনুল ইসলাম বলেন, “জলবায়ু, নদী, রাস্তা, ভবন ও ব্রিজ-কালভার্টের মতো প্রকল্প হাতে নেওয়া প্রশংসনীয়। তবে প্রকল্প বাস্তবায়ন ও ব্যয় সমন্বয় বড় চ্যালেঞ্জ; দুর্নীতি ও অতিরিক্ত ব্যয়ের ঝুঁকি আছে, তাই নজরদারি জরুরি।”

বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামীর উন্নয়নের অগ্রাধিকার।