প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব, উন্নয়ন অগ্রাধিকারে সমন্বয়ের আলোচনা
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হলেও বিস্তারিত আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, বৈঠকে দুই দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে।
এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা একটি ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
সাক্ষাৎ শেষে তিনি প্রধানমন্ত্রীকে রবীন্দ্রনাথ ঠাকুর–এর একটি বই ও একটি শোপিস উপহার দেন।
বিশ্লেষকরা মনে করছেন, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই ধরনের কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।






