এপ্রিল মাসে হাম শনাক্ত ৩৫% ল্যাবে চাপ বৃদ্ধি

নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে স্বাস্থ্য ব্যবস্থা পরীক্ষা যন্ত্রণায়।
টুইট ডেস্ক: দেশে হাম সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। চলতি এপ্রিল মাসে প্রতিদিন গড়ে রোগ শনাক্তের হার ৩৫ শতাংশে পৌঁছেছে, যা গত মাসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সংক্রমণের সঙ্গে সঙ্গে ল্যাবে নমুনা পরীক্ষার চাপও তীব্রভাবে বেড়ে গেছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) ভাইরোলজি বিভাগের হাম ও রুবেলা পরীক্ষাগার পরিদর্শন করা হলে দেখা গেছে, নমুনা পরীক্ষার চাপ স্বাভাবিক সক্ষমতার তুলনায় তিনগুণ বেশি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্চের শেষ ও এপ্রিলের প্রথম সপ্তাহে শনাক্তের হার ঊর্ধ্বমুখী। ৩১ মার্চ ১৪১টি নমুনার মধ্যে ৭১টি (৫০%), ১ এপ্রিল ১৮৯টি নমুনার মধ্যে ৬৪টি (৩৪%), ২ এপ্রিল ২৮৮টি নমুনার মধ্যে ১০৬টি (৩৭%), ৩ এপ্রিল ২৮৫টি নমুনার মধ্যে ৬৯টি (২৫%) এবং ৪ এপ্রিল ১৪৬টি নমুনার মধ্যে ৭০টি (৪৭%) পজিটিভ পাওয়া গেছে।
আজ রবিবার বিকেল ৫টা পর্যন্ত ৩৬০টি নমুনা পরীক্ষা করার জন্য জমা পড়েছে, যা ল্যাবের সক্ষমতার বহুগুণ। ল্যাবের টেকনিশিয়ানরা জানান, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ১২০–১৩০টি নমুনা পরীক্ষা সম্ভব। তবে বর্তমানে আগের চেয়ে তিনগুণ বেশি পরীক্ষা করতে হচ্ছে।
বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা নিয়ে আসা শাকিল বলেন, “দুর্গম এলাকা থেকে ১৫ ঘণ্টা যাত্রা করে এখানে নমুনা নিয়ে এসেছি। ভিড়ের কারণে জমা দিতে আড়াইটা বেজে গেছে। মাত্র দুই-তিন জন কর্মী নমুনা গ্রহণ করায় অনেক দেরি হচ্ছে।”
ভাইরোলজি বিভাগের চিকিৎসক ডা. আমিরুল হুদা ভূঁইয়া বলেন, “দেশের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই ল্যাবে নমুনা পাঠানো হয়। এপ্রিল মাসে গড়ে প্রায় ৩৫ শতাংশ নমুনায় হাম শনাক্ত হচ্ছে। ল্যাবের সক্ষমতার চেয়ে দ্বিগুণ পরীক্ষা করতে হচ্ছে।”
এদিকে আজ থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ৩ মে থেকে দেশের সব জেলায় কার্যক্রম প্রসারিত হবে।
সংক্রমণ নিয়ন্ত্রণ এবং ল্যাব চাপ কমাতে স্বাস্থ্য বিভাগ জনগণকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।






