যুদ্ধ থেকে ব্যঙ্গ: মার্কিন অভিযানের মাঝেই কটাক্ষ

নিখোঁজ পাইলট ইস্যুতে ট্রাম্প প্রশাসনকে তীব্র বিদ্রূপ গালিবাফের।

টুইট ডেস্ক: নিখোঁজ মার্কিন পাইলটদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যখন জোরদার হচ্ছে, ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ব্যঙ্গ ছুড়ে দিয়েছেন ইরানের প্রভাবশালী রাজনীতিক মোহাম্মদ বাকের গালিবাফ।

তার এই মন্তব্য নতুন করে ওয়াশিংটন-তেহরান উত্তেজনাকে সামনে নিয়ে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলকে প্রশ্নবিদ্ধ করে বলেন, “কৌশলহীন যুদ্ধ” শুরু করে এখন তারা এমন অবস্থায় পৌঁছেছে, যেখানে বলতে হচ্ছে “দয়া করে কেউ কি আমাদের পাইলটদের খুঁজে দেবেন?”।

বক্তব্যের শেষাংশে তিনি ব্যঙ্গ করে লেখেন, “অবিশ্বাস্য উন্নতি,তারা সত্যিই অসাধারণ বিচক্ষণ।”

বিশ্লেষকরা বলছেন, গালিবাফের এই মন্তব্য কেবল একটি কটাক্ষ নয়, বরং চলমান ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রতিফলন।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ নিয়ে মধ্যপ্রাচ্যে যে সমালোচনা বাড়ছে, তারই বহিঃপ্রকাশ এই বক্তব্যে স্পষ্ট।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারণ ও সামরিক কৌশল নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

নিখোঁজ পাইলটদের উদ্ধারে অভিযান চলমান থাকলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

মার্কিন প্রভাবশালী দৈনিক দি নিউইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কার্যকারিতা ও কৌশলগত লক্ষ্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রকাশ্য কটাক্ষ আন্তর্জাতিক কূটনীতিতে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং ভবিষ্যৎ সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্তে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।