নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

মগবাজারে উচ্ছেদে আশ্রয়হীন বৃদ্ধকে ঘর-চিকিৎসার আশ্বাস
টুইট ডেস্ক: রাজধানীর মগবাজার এলাকায় উচ্ছেদ অভিযানে মাথা গোঁজার শেষ আশ্রয় হারিয়ে দিশেহারা হয়ে পড়া প্রবীণ নাঈমুদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে তিনি ফোনে নাঈমুদ্দিনের সঙ্গে কথা বলে তার পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে বৃদ্ধের জন্য স্থায়ী বাসস্থান, চিকিৎসা ও ভরণপোষণের ব্যবস্থা করার নির্দেশ দেন ‘আমরা বিএনপি পরিবার’কে।
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উচ্ছেদ অভিযানে মগবাজারের ফুটপাতে অবৈধ স্থাপনার সঙ্গে নাঈমুদ্দিনের বসবাসের জায়গাটিও সরিয়ে দেওয়া হয়। এতে করে প্রায় ৮০ বছর বয়সী এই ব্যক্তি সম্পূর্ণভাবে আশ্রয়হীন হয়ে পড়েন।
এ ঘটনায় এক মানবিক প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তার সহায়তায় এগিয়ে আসার আগ্রহ দেখায়।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, নাঈমুদ্দিনের চিকিৎসা ও দৈনন্দিন খরচের দায়িত্ব নেওয়া হয়েছে। পাশাপাশি তার বর্তমান অবস্থানের কাছাকাছি এলাকায় স্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক মাধ্যমে একটি মানবিক ঘটনার দ্রুত বিস্তার এবং পরবর্তী সহায়তা উদ্যোগ—এ ধরনের ঘটনাগুলো নাগরিক সহমর্মিতার ইতিবাচক দিক তুলে ধরে।





