জ্বালানি তেলের মজুদ ২ লাখ ৫৫ হাজার টন

ডিজেল সর্বোচ্চ, সরবরাহ চাপে সতর্ক অবস্থান সরকারের।
টুইট ডেস্ক: দেশে বর্তমানে মোট ২ লাখ ৫৫ হাজার ১৮ টন জ্বালানি তেল মজুদ রয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বৈশ্বিক জ্বালানি অস্থিরতার প্রেক্ষাপটে এই মজুত পরিস্থিতি নিয়ে বাড়তি নজরদারিতে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত জ্বালানি বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, মজুদ জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা ১ লাখ ২২ হাজার ৬৬০ টন। এছাড়া কেরোসিন ৯ হাজার ৩৭৮ টন, অকটেন ৯ হাজার ২১ টন, পেট্রল ১২ হাজার ১৯৪ টন মজুদ রয়েছে।
অন্যান্য জ্বালানির মধ্যে ফার্নেস তেল রয়েছে ৫৮ হাজার ৭৩৬ টন, জেট তেল ৪১ হাজার ৮৭৬ টন এবং মেরিন তেলের মজুদ ১ হাজার ১৫৩ টন।
বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই মজুত সীমিত সময়ের জন্য স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে সরবরাহ নিশ্চিত করতে বিকল্প উৎস খোঁজা জরুরি। বিশেষ করে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সরাসরি দেশের জ্বালানি নিরাপত্তায় প্রভাব ফেলছে।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সাশ্রয়, মজুত ব্যবস্থাপনা এবং আমদানির উৎস বৈচিত্র্যকরণ এখন পরিস্থিতি মোকাবিলার মূল কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।






