এপ্রিলে জ্বালানি তেলের সংকট নেই: জ্বালানি বিভাগ

হরমুজ হয়ে আসছে তেলবাহী জাহাজ, মজুতদারদের বিরুদ্ধে অভিযান জোরদার
টুইট ডেস্ক: এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এপ্রিল মাস জ্বালানির দিক থেকে নিরাপদ অবস্থায় রয়েছে। কোনো সংকট হবে না।”
তিনি জানান, হরমুজ প্রণালী দিয়ে ছেড়ে আসা ছয়টি জাহাজের মধ্যে একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ রয়েছে। সেটি দেশে পৌঁছালে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-এ পরিশোধন কার্যক্রমে কোনো ঘাটতি থাকবে না।
মজুতদারি প্রসঙ্গে তিনি বলেন, কৃত্রিম সংকট এড়াতে অবৈধভাবে জ্বালানি মজুতের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চলছে। গত ৩ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু ১ এপ্রিলই উদ্ধার হয়েছে ২৫ হাজার লিটারের বেশি তেল।
তিনি আরও বলেন, জ্বালানি সাশ্রয়ে সবাইকে সচেতন হতে হবে। সরকার এখনো জনগণের স্বার্থ বিবেচনায় জ্বালানির দাম বাড়ায়নি।
সরকারি এই বক্তব্যের পাশাপাশি সংশ্লিষ্টরা মনে করছেন, বাজারে মজুতদারির প্রবণতা কমলে জ্বালানি সরবরাহ আরও স্থিতিশীল থাকবে।






