হাম পরিস্থিতি গুরুতর, এমপিদের মাঠে পাঠানোর প্রস্তাব

সংসদে ছুটি দিয়ে এলাকায় গিয়ে হাসপাতাল পরিদর্শনের আহ্বান।

টুইট ডেস্ক: দেশজুড়ে হামের বাড়তে থাকা সংক্রমণ পরিস্থিতিকে উদ্বেগজনক আকারে তুলে ধরে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় পাঠানোর প্রস্তাব উঠেছে জাতীয় সংসদে।

সরকারি দলের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন এ বিষয়ে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে মাগুরা ১ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশে হাম ধীরে ধীরে মহামারির রূপ নিচ্ছে।

এ অবস্থায় কার্যকর নজরদারি ও তদারকির জন্য বৃহস্পতিবার সংসদের অধিবেশন স্থগিত রেখে এমপিদের মাঠে পাঠানো যেতে পারে, যাতে তারা সরাসরি হাসপাতাল ও স্বাস্থ্যব্যবস্থার বাস্তব চিত্র দেখতে পারেন।

তিনি আরও বলেন, হাসপাতালে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে এবং পরিস্থিতি সামাল দিতে অনেক জায়গায় অবকাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে উঠছে।

নিজের নির্বাচনী এলাকার উদাহরণ টেনে তিনি জানান, ২০০ শয্যার হাসপাতাল ভবন থাকলেও সেটি পূর্ণাঙ্গভাবে চালু হয়নি।

দুটি লিফট অকার্যকর, আইসিইউ ও ডায়ালাইসিস ইউনিট চালুর প্রস্তুতিও অসম্পূর্ণ। ফলে গুরুতর রোগীদের অন্যত্র পাঠাতে হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শ্বাসতন্ত্রের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে ৯ মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এ অবস্থায় টিকাদান কর্মসূচি জোরদার এবং স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, চাঁদপুর ৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক রাষ্ট্রপতির ভাষণে স্বৈরাচারবিরোধী অবস্থানকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হলেও পূর্ববর্তী সময়ে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো বঞ্চিত রয়েছে।

এদিন আলোচনায় অংশ নেন বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যও। তারা স্বাস্থ্যখাতের দুর্বলতা, রাজনৈতিক সহিংসতার ক্ষতিপূরণ এবং জনসেবার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

সামগ্রিকভাবে সংসদে আলোচনায় উঠে এসেছে‌ হামের বিস্তার রোধে এখনই সমন্বিত ও মাঠমুখী পদক্ষেপ গ্রহণ জরুরি, না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।