রোববার থেকে হামের টিকাদান শুরু

৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জরুরি কর্মসূচি, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

 টুইট ডেস্ক: দেশব্যাপী হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী রোববার থেকে ৬ মাস থেকে ১০ বছর বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, পুরো প্রজন্মকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। একই সঙ্গে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর অন্যান্য টিকাও নিয়মিতভাবে প্রদান করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা ও সিরিঞ্জ দ্রুত সংগ্রহ করে বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে সারা দেশে সরবরাহ করা হবে। টিকাদান কার্যক্রম নির্বিঘ্ন করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, হামের জটিলতা মোকাবিলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী বেসরকারি খাত থেকেও ভেন্টিলেটর সংগ্রহ করা হয়েছে, যাতে গুরুতর রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হয়।

মন্ত্রী বলেন, “আমরা জরুরি টিকাদান কার্যক্রম রোববার থেকে শুরু করছি। মাঠপর্যায়ের কর্মীরা স্থানীয় কর্মকর্তাদের তত্ত্বাবধানে কাজ করবেন। হামের সংক্রমণ যেভাবে বেড়েছে, আমরা তার চেয়েও দ্রুতগতিতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছি।”

তিনি উল্লেখ করেন, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত এক মাসব্যাপী হামের টিকাদান কর্মসূচি চালানো হলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। ফলে নতুন করে এই ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত ও ব্যাপক টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা গেলে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং শিশুদের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে।