হরমুজ পাড়ি দেবে বাংলাদেশের ৬ জাহাজ

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলোকে চলাচলের অনুমতি দিল ইরান।
টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।
বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আটকে থাকা বাংলাদেশি জাহাজগুলো এখন হরমুজ প্রণালি পার হতে পারবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি ইতোমধ্যে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জাহাজগুলোকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ইরান যৌথভাবে কাজ করছে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি নাগরিকদের সহায়তা করার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে চলমান আঞ্চলিক সংঘাত নিয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক অবস্থান প্রসঙ্গে কিছুটা অসন্তোষও প্রকাশ করেন তিনি।
তার ভাষায়, শুধু উদ্বেগ প্রকাশ নয়, এ ধরনের পরিস্থিতিতে স্পষ্ট অবস্থান নেওয়াও প্রত্যাশিত।
কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশ ও ইরান দীর্ঘদিনের বন্ধুপ্রতিম রাষ্ট্র। সংকটময় সময়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আন্তর্জাতিক সূত্রগুলো জানায়, ইরান বাংলাদেশসহ কয়েকটি ‘বন্ধুপ্রতিম’ দেশের জাহাজকে নিরাপদ পারাপারের সুযোগ দিচ্ছে। এটি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।






