চট্টগ্রামে হামের উপসর্গে শিশুর মৃত্যু

আক্রান্ত বাড়ছে, শতাধিক সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষায়
টুইট ডেস্ক: চট্টগ্রামে হাম-এর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত শিশুটির বয়স ছয় মাসেরও কম। সোমবার (৩০ মার্চ) রাতে তাকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত চট্টগ্রামে আটজনের শরীরে হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বাকি চারজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া হামের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন। আরও ৯১ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম জানান, মৃত শিশুটির মধ্যে হামের উপসর্গ থাকলেও এটি নিশ্চিতভাবে হামজনিত মৃত্যু কি না, তা এখনো নিশ্চিত নয়। পরীক্ষার ফলাফল পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে হাম-এর সংক্রমণ বাড়ার প্রবণতা উদ্বেগজনক। শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।






