আগস্টের ঘটনাসহ সব প্রাণহানির বিচার হবে: আইজিপি

আইনের প্রক্রিয়া চলমান—রাজশাহীতে আইজিপি; তরুণদের সড়ক অবরোধ না করার আহ্বান।

মুরাদুল ইসলাম স‌নেট: গত ৫ আগস্টের আগে ও পরে সংঘটিত পুলিশ হত্যাসহ সব প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী বিচার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া এবং প্রতিটি ঘটনার পৃথক তদন্ত হবে।

শুক্রবার (২৭ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “ওই সময় পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। প্রতিটি ঘটনার তদন্ত হবে এবং আইনে যা করার, তা-ই করা হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী দেশের ইতিহাসে অন্যতম সেরা একটি নির্বাচন উপহার দিয়েছে। একই সঙ্গে শান্তিপূর্ণ সমাজ গঠনে নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, অযথা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা উচিত নয়।

বর্তমান আর্থসামাজিক বাস্তবতা তুলে ধরে আইজিপি বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি ও অর্থ পাচারের প্রভাবে ব্যাংকিং খাত চাপের মুখে রয়েছে। এসব কারণে কিছু তরুণ অপরাধের দিকে ঝুঁকছে বলেও তিনি উল্লেখ করেন।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থান বজায় রাখবে। জ্বালানি তেলের সংকট ও কালোবাজারি প্রসঙ্গে তিনি বলেন, অল্প পরিমাণ তেল মজুদ করে অতিরিক্ত লাভ সম্ভব নয়—এ ক্ষেত্রে নৈতিকতার উন্নয়ন জরুরি।

আইজিপি আরও জানান, ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরকে ‘স্মার্ট ও সেফ সিটি’তে রূপান্তরের প্রস্তাব সরকারের কাছে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, জামিন পাওয়ার পরও কিছু রাজনৈতিক নেতাকে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর অভিযোগ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিষয়টি তদন্তাধীন থাকায় এ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয় বলে উল্লেখ করেন।

এর আগে আইজিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে তিনি সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।