মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী

দিনাজপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি। বিএনপি এমন রাজনীতি করে যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যায়।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে কেউ যদি মাসে পাঁচ হাজার টাকা আয় করে, সরকার এমন নীতি নিতে চায় যাতে আগামী দুই-চার বছরের মধ্যে সেই আয় পাঁচ থেকে দশ হাজার টাকায় উন্নীত হয়। একইভাবে যার আয় দুই হাজার টাকা, তার আয়ও দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করবে।
তিনি বলেন, এটাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর রাজনীতি, এটাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রাজনীতি এবং জনগণের নির্বাচিত বিএনপি সরকারের লক্ষ্যও একই।
জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল-এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম, সাদিক রিয়াজ চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর আলম এবং জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া।






