বান্দরবানে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা সেবা

৬৯ পদাতিক ব্রিগেডের উদ্যোগে ৩৩ অসহায় পরিবারকে চিকিৎসা ও ১ লাখ ১ হাজার টাকা সহায়তা।
বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে পরিচালিত এমডিএস অ্যাম্বুলেন্স ৭ ফিল্ড মেডিকেল টিমের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
রবিবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার ৩৩টি দরিদ্র, নিরীহ ও অসহায় পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সঙ্গে তাদের মাঝে নগদ ১ লাখ ১ হাজার টাকার আর্থিক সহায়তাও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোহাম্মদ আবু সায়েম। এ সময় বান্দরবান সেনা রিজিয়নের স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা কর্মসূচিটি পর্যবেক্ষণ করেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থেকে সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, বিনামূল্যে চিকিৎসা ও আর্থিক সহায়তা পেয়ে স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারগুলো সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।






