মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড

টুইট ডেস্ক : ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাতটি মামলায় ২৩ জনকে মৃত্যুদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন আরও ৩৩ জন। একজন আসামি খালাস পেয়েছেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলা এখন পর্যন্ত ৭০টি। এর মধ্যে ২৬টি মামলা বিচারাধীন এবং ৪৪টি মিস কেস হিসেবে রয়েছে। দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতটি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় মোট দণ্ডিত আসামি ৬৮ জন। এ ছাড়া এসব অপরাধের মামলায় গ্রেপ্তার আসামি ২০৩ জন এবং পলাতক ৩৫২ জন।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের বিচারের প্রতিশ্রুতি নিয়ে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছিল। ইতোমধ্যে দুটি ট্রাইব্যুনাল সাতটি আলোচিত মামলার রায় দিয়েছেন। অবশিষ্ট মামলাগুলোর বিচার দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পলাতক আসামিদের বিষয়ে তিনি বলেন, তাঁদের বিচারের মুখোমুখি করার চেষ্টা চলছে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং কোনো দোষী ব্যক্তি যেন ছাড় না পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আলোচিত মামলাগুলোর রায়
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শহীদদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও ছিল।
রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় ২০২৬ সালের ২৬ জানুয়ারি সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোসহ আরেকজনকে হত্যার ঘটনায় ৫ ফেব্রুয়ারি সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্য দুই আসামি সাত বছরের কারাদণ্ড পান।
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৯ এপ্রিল সাবেক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং কয়েকজন আসামিকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া রাজধানীর রামপুরায় জুলাই গণঅভ্যুত্থানের সময় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও দুজনকে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং অপর একজনকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই বছরের ১৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই মামলায় দণ্ডিত ব্যক্তিরা পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের গুম-খুনসহ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।






