রাজশাহীতে যাকাত ফান্ডের চেক বিতরণ

যাকাত ফান্ডের চেক বিতরণ। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮ অসহায় মানুষ পেলেন আর্থিক সহায়তা!

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪–২৫ অর্থবছরে সংগৃহীত যাকাত তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১৪ মার্চ) দুপুর ২টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২৮ জন উপকারভোগীর প্রত্যেককে ৩ হাজার ৭৭০ টাকা করে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাজেদুর রহমান, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মদ রেজাউল করিম স্বপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে ইউএনও মাশতুরা আমিনা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রকৃত গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে। দারিদ্র্য দূরীকরণে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।