তারাগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন। ছবি: নিজস্ব

২৬ মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে কর্মসূচি চূড়ান্ত; প্রশাসনের সমন্বিত প্রস্তুতির ওপর গুরুত্ব।

নিজম্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ইউনিয়ন পরিষদের সচিব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন আয়োজন বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ একটি দিন। দিবসটির মর্যাদা অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবসটি ঘিরে উপজেলা জুড়ে জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে।