বান্দরবানে নারী দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বান্দরবান প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এবং ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য দূর করবে’ এই প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং বিভিন্ন বয়সী নারী ও কিশোরীরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং জেলা নীতি ফোরামের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা এবং নারীর অবদানের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। বর্তমানে নারীরা ঘরের গণ্ডি পেরিয়ে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের ফলে নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন দ্রুত অগ্রসর হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেব।

এসময় জেলা নীতি ফোরামের সভাপতি অং চ মং মার্মা, সাধারণ সম্পাদক লাল জার লম বম, জেলা সহায়ক মংশেনুক মার্মাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।