তারাগঞ্জে অবৈধ দোকানদরদের জরিমানা

ফুটপাত দখলমুক্ত ও বাজার পরিচ্ছন্ন রাখার তাগিদ প্রশাসনের

আবদুল্লাহিল শাহীন (রংপুর): রংপুরের তারাগঞ্জ বাজারে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনার দায়ে ৯জন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৪ মার্চ) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, কাঁচাবাজার এলাকায় ফুটপাত দখল করে দোকান স্থাপন করা হয়েছে, যার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল এবং বাজারে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছিল।

মোট ৯ ব্যবসায়ীকে ১৩ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ফুটপাত দখলমুক্ত রাখার জন্য হাট ইজারাদারসহ সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।