মানবিকতায় উপহার নিয়ে নবজাতক ও মায়ের পাশে যুবদল নেতা ডিকো

মায়ের আর্তনাদ থেকে নবজাতকের হাসি—অসুস্থ মা ও নবজাতকের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তার আশ্বাস, মানবিক দৃষ্টান্ত স্থাপন।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রসব বেদনায় কাতর এক অচেনা গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর ঘটনার পর মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন।

এর আগে গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর মাধ্যমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো। পরে রাজশাহী মিশন হাসপাতালে ওই গর্ভবতী নারী একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মিশন হাসপাতালে নবজাতক ও তার মাকে দেখতে উপহার নিয়ে যান মো. ফায়সাল সরকার ডিকো এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় যুবদল নেতা আব্দুর রহমান মিঠু, রাকিব ও আনোয়ার উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি রাত থেকে ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গেটে ওই গর্ভবতী নারী প্রসব বেদনায় ছটফট করছিলেন। সে সময় কেন্দ্রে কোনো চিকিৎসক না থাকায় তাকে অন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু যানবাহনের অভাবে তিনি ও তার সঙ্গে থাকা তিন নারী চরম বিপাকে পড়েন।

এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে যুবদল নেতা ফায়সাল সরকার ডিকোর। তিনি দেরি না করে নিজ গাড়িতে করে গর্ভবতী নারীকে দ্রুত রাজশাহী মিশন হাসপাতালে পৌঁছে ভর্তি করান এবং রাত ৩টা ৪৫ মিনিট পর্যন্ত চিকিৎসা কার্যক্রম তদারকি করেন। সেখানে গর্ভবতী নারী একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন।

তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন, প্রয়োজনীয় খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাহস জোগান। পাশাপাশি চিকিৎসা ব্যয়ের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানোই রাজনীতির আসল চেতনা। দলীয় পরিচয়ের আগে মানবিক পরিচয় বড়।”

স্থানীয়রা জানান, রাজনৈতিক ব্যস্ততার মধ্যেও অসুস্থ মা ও নবজাতকের পাশে দাঁড়িয়ে ডিকো মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ডিকো বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহর রহমতে মা ও সন্তান সুস্থ আছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”

এ ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই তার এই উদ্যোগের প্রশংসা করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন মা ও শিশুর জন্য।