রমজানে ১০ লাখ পরিবারে সরকারের বড় উপহার

নিম্নআয়ের মানুষের জন্য সরকারের বিশেষ উদ্যোগ।
টুইট প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় ১০ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার সকালে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় রমজান মাসে দুধ, ডিম, মাংস ও মাছ সুলভ মূল্যে সরবরাহ করা হবে। এতে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।
তিনি বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করলে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। সেই কষ্ট লাঘবে সরকারের এই উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া-র জনগণের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথাও স্মরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তর-এর মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বিপিআইসিসি সভাপতি মশিউর রহমান এবং বিসিএফএফএ সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
এছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।






