সাভারে সেনাবাহিনীর অভিযানে মা/দকসহ তিন ব্যবসায়ী আটক

তামিম খান, সাভার: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের টহল দল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে এদের আটক করা হয়। সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালানোর সময় তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গাঁজা ও ইয়াবা সেবন এবং ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানানো হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি দোকানে অভিযান চালিয়ে আরও মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৩০ পট গাঁজা, ২৭টি ইয়াবা ট্যাবলেট, ৭টি অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা, ভারতীয় ভিসাসহ ২টি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জাম, রেজিস্টার, মোবাইল ফোন এবং একটি দেশীয় অস্ত্রসহ বিভিন্ন উপকরণ।

আটকরা হলেন— মো. সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০)। তাদের সবার বাড়ি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তাদের বিরুদ্ধে সাভার থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং জব্দ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।