সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

যুবকদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল বাড়ানোর পরিকল্পনা

টুইট ডেস্ক: সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে এগিয়ে নিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়েই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি স্বেচ্ছায় মানুষের কল্যাণে কাজ করছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, তাঁরা মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন। তাঁদের উদ্যোগ ও অবদান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের বড় পরিবর্তন ও অগ্রগতিতে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শক্তিকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, সরকার স্টার্টআপ তহবিল বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে। দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।

তারেক রহমান বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে কাজে লাগাতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে। তরুণদের শুধু নিজেদের উন্নতির কথা ভাবলে চলবে না; দেশের প্রতিটি মানুষের কল্যাণের কথাও বিবেচনায় নিতে হবে।