দুর্গাপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান সংসদ সদস্যের
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল)-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা সংবর্ধিত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি মহান আল্লাহর কাছে শিক্ষার্থীদের জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতায় সমৃদ্ধ হওয়ার এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার এম এ মতিন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আঃ কাদীর, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু ও গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির সদস্য জার্সিস হোসেন সোহেল এবং গোলাম মোর্তুজা।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুর্গাপুরে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।






