ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে রাষ্ট্রের, পুতুল দলের নয়: সারজিস

বাংলাদেশে সেবাদাস বা পুতুল সরকার বসিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি | স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্নের।

টুইট প্রতিবেদক: ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের এবং সরকারের সঙ্গে সরকারের। কোনো পুতুল দল বা সেবাদাসের মাধ্যমে বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত বিক্ষোভ-পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, গত দুই বছর ধরে দেখা যাচ্ছে, প্রতিবেশী ভারত বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক রাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী নয়। বরং তাদের পছন্দের একটি দলকে ক্ষমতায় রেখে সম্পর্ক বজায় রাখতে চায়।

ভারতের উদ্দেশে তিনি বলেন, সম্পর্ক করতে হলে বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের সঙ্গে করতে হবে। কোনো পুতুল দলকে ক্ষমতায় বসিয়ে শোষণের চিন্তা থাকলে ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে কি না, সেই সিদ্ধান্ত বাংলাদেশের মানুষই নেবে।

সমাবেশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সারজিস। স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপি সরকারের উদ্দেশে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর যদি ঘুম না ভাঙে এবং তাঁকে খুঁজে পাওয়া না যায়, তাহলে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া উচিত।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে হামলা, হত্যা, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সরকার ব্যর্থ হলে জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা প্রতিরোধ গড়ে তুলবেন বলেও হুঁশিয়ারি দেন।

সারজিস আরও অভিযোগ করেন, গোপালগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র, রামদা, চাপাতি ও চীনা কুড়াল নিয়ে মানুষের ওপর হামলা চালাচ্ছে। অথচ গণমাধ্যমের কিছু প্রতিবেদনে এসব অস্ত্রকে লগি-বৈঠক হিসেবে উল্লেখ করা হচ্ছে বলে সমালোচনা করেন তিনি।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে উল্লেখ করতে অনেকে অনীহা দেখাচ্ছেন। যারা স্বৈরাচারের পক্ষে অবস্থান নেবেন, ভারতের স্বার্থে কাজ করবেন কিংবা আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরির চেষ্টা করবেন, তাঁদের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের ওপর সব ধরনের আধিপত্যবাদী প্রভাবমুক্ত করে দেশকে কাঙ্ক্ষিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এর আগে রাজশাহী নগরীর আলুপট্টির মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।