২০২৭ সালে ব্যাংকে ৩১ দিনের ছুটি ঘোষণা

ছবি: সংগৃহিত

২০২৭ সালে দেশের সব তফসিলি ব্যাংকে ২১টি উপলক্ষে ছুটি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদুল ফিতরে টানা ৫ ও ঈদুল আজহায় ৬ দিন বন্ধ থাকবে ব্যাংক।

টুইট ডেস্ক: ২০২৭ সালের জন্য দেশের সব তফসিলি ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তালিকা অনুযায়ী, আগামী বছর ২১টি উপলক্ষে মোট ৩১ দিন ব্যাংক বন্ধ থাকবে। রোববার (২৯ নভেম্বর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এসডিএডি সার্কুলার লেটার নম্বর ২৫-এর মাধ্যমে এ ছুটির তালিকা জারি করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী, ২০২৭ সালে ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন এবং ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া শবেবরাত ২৪ জানুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি, জুমাতুল বিদা ৫ মার্চ এবং শবেকদর ৭ মার্চ ব্যাংক বন্ধ থাকবে।

স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ, চৈত্রসংক্রান্তি ১৩ এপ্রিল (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায়) এবং বাংলা নববর্ষ ১৪ এপ্রিল ব্যাংক ছুটি থাকবে। মে দিবস ১ মে, বৌদ্ধ পূর্ণিমা ২০ মে এবং আশুরা ১৬ জুন ছুটির তালিকায় রয়েছে।

এ ছাড়া ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী), ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তালিকায় চাঁদ দেখার ওপর নির্ভরশীল ছুটিগুলো বিশেষ চিহ্ন দিয়ে উল্লেখ করা হয়েছে। সে ক্ষেত্রে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে।