রেলওয়ের নিরাপত্তায় মোতায়েন ২ হাজার আনসার-ভিডিপি সদস্য

৩ অঞ্চলে দায়িত্ব পালন, ৩৮ গুরুত্বপূর্ণ স্টেশনে আনসার ব্যাটালিয়নের ১৪ প্লাটুন

নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনসহ বাংলাদেশ রেলওয়ের সার্বিক নিরাপত্তা জোরদারে উপজেলা পর্যায় থেকে ২ হাজার আনসার ও ভিডিপি সদস্যকে রেলওয়ের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত, রেলওয়ের সম্পদ সুরক্ষা এবং রেল যোগাযোগে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা আনসার কোম্পানি, ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে গড়ে তোলা এই নিরাপত্তা জনবল দেশের প্রান্তিক পর্যায়ে বিস্তৃত বাহিনীর সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততাকে জাতীয় নিরাপত্তা কার্যক্রমে কার্যকরভাবে কাজে লাগানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

রেলওয়ের পশ্চিমাঞ্চলে ৮০০, ঢাকা অঞ্চলে ৬০০ ও পূর্বাঞ্চলে ৬০০ সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের (জিআরপি) সঙ্গে সমন্বিতভাবে রেলস্টেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা, যাত্রীসাধারণের চলাচল ও রেলওয়ের সম্পদের নিরাপত্তায় কাজ করছেন।

এই জনবল সংযোজনের ফলে রেলওয়ের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত জনবল, নজরদারি ও তাৎক্ষণিক সাড়া প্রদানের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও বিস্তৃত ও কার্যকর করার সুযোগ সৃষ্টি হবে।

বিশেষ এই মোতায়েনের মূল লক্ষ্য হলো রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা নিশ্চিত করা, যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল বজায় রাখা এবং ট্রেন চলাচলের স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখা। পাশাপাশি নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা দায়িত্ব পালন করছেন।

বিশেষ করে জনসমাগমপূর্ণ স্টেশন, প্রবেশ ও বহির্গমন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা উপস্থিতি বাড়ানোর মাধ্যমে যাত্রীদের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি ও সার্বিক জননিরাপত্তা জোরদার করা এ উদ্যোগের অন্যতম প্রত্যাশিত সুফল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের ৩৮টি গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য জিআরপি ও আরএনবির সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া পোশাকশিল্পের পরিস্থিতি মোকাবিলা ও মহাসড়কের নিরাপত্তায় নয়টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য পুলিশ, বিজিবি ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করছেন।

বাহিনীর বহুমাত্রিক নিরাপত্তা সক্ষমতার প্রতিফলন হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সূত্র: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী