টেকনাফে অস্ত্রসহ আটক ৭, উদ্ধার ২ জিম্মি

সৈনিক তিতাস হত্যা মামলার আসামিও আটক; উদ্ধার দেশীয় তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক ও ১৪ রাউন্ড গুলি।
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একাধিক অভিযানে মানবপাচার ও ডাকাত চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। এ সময় অপহরণের শিকার দুই জিম্মিকে উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে সৈনিক তিতাস হত্যা মামলার একজন আসামিও রয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি দুটি এলজি, একটি একনলা বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি অপহৃত দুই ব্যক্তিকে জিম্মিদশা থেকে মুক্ত করা হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






