বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় রাশিয়া টুডে।

প্রশিক্ষণ, কনটেন্ট তৈরি ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ; ঢাকায় শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে সেমিনার।
টুইট প্রতিবেদক: বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার সংবাদমাধ্যম রাশিয়া টুডে (আরটি)। এ লক্ষ্যে ঢাকায় শতাধিক সাংবাদিকের অংশগ্রহণে বিশেষ সেমিনারের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকায় রাশিয়ান হাউস ইন বাংলাদেশের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজনে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের শতাধিক প্রতিনিধি অংশ নেন।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরটি ইন্ডিয়ার অনুষ্ঠান পরিচালক রুসলান ইমায়েভ এবং আরটি একাডেমির প্রধান আন্না কোভতুনোভা। তাঁরা সংবাদ উপকরণের মাধ্যমে দর্শক-পাঠকদের সম্পৃক্ত করা এবং সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের সুযোগ নিয়ে আলোচনা করেন।
রুসলান ইমায়েভ পরিবর্তনশীল গণমাধ্যম পরিস্থিতিতে সংবাদ উপস্থাপন এবং দর্শক-পাঠকদের আগ্রহ ধরে রাখার কার্যকর কৌশল তুলে ধরেন। অন্যদিকে, আন্না কোভতুনোভা আরটি একাডেমির অনলাইন ও সরাসরি প্রশিক্ষণসহ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাশিয়ান হাউস ইন বাংলাদেশের পরিচালক আলেকজান্দ্রা এ খলেভনয়। তিনি পেশাগত সংলাপ, গণমাধ্যমের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার সুযোগ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।
প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের সাংবাদিকরা সাংবাদিকতা, সংবাদ উপস্থাপন ও পেশাগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আরটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বাংলায় সংবাদ ও অন্যান্য গণমাধ্যমের উপকরণ তৈরি এবং প্রকাশের ক্ষেত্রে আরটির সঙ্গে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
বাংলাদেশের সাংবাদিকদের জন্য অনলাইন ও সরাসরি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহ জানিয়েছে আরটি একাডেমিও। পাশাপাশি ভবিষ্যতে দুই পক্ষের মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
আয়োজকদের মতে, এ সেমিনারের মাধ্যমে রাশিয়া টুডে ও বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ তৈরি হয়েছে। ভবিষ্যতে এ উদ্যোগ দুই দেশের গণমাধ্যমকর্মীদের পেশাগত সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখতে পারে।






