গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরিচা ঘাট হয়ে চলবে বাস, জানাল খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন
নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের নিরাপত্তা ও পরিবহনসহ জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথে বাস চলাচল করবে। আপাতত এ রুট দিয়ে কোনো বাস চলাচল করবে না।
তিনি জানান, শনিবার বিকেলে হঠাৎ গোপালগঞ্জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই বাগেরহাটের মোল্লাহাটেও রাজপথে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় মালিকপক্ষ যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল ৫টা থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।
এদিকে, খুলনা-ঢাকা রুটে চলাচলকারী দোলা পরিবহনের ঢাকার শ্যামলী কাউন্টারে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টরা জানান, শনিবার বিকেল থেকে গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে পরিবহন চলাচল চালু আছে।
গোপালগঞ্জ হয়ে বাস চলাচল কবে নাগাদ স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।






