পাহাড়ে অবৈধ অস্ত্রের ঠাঁই নেই, অভিযান চলবে: ৬৫ বিজিবি

বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে পাহাড়ের ঢালে বাঁশঝাড় থেকে ৯৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি: পার্বত্য বান্দবানের দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাহাড়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধে অভিযান অব্যাহত রাখার কঠোর বার্তা দিয়েছে বাহিনীটি।
শনিবার (২৮ নভেম্বর) বান্দরবান সেক্টরের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনের পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযানে অংশ নেয়। শনিবার দুপুর ২টা থেকে অভিযান শুরু হয়।
দীর্ঘ সময় ধরে সন্দেহজনক এলাকায় তল্লাশি চালানোর পর বিকেল আনুমানিক ৫টার দিকে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদগুলো কোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে গোপন স্থানে মজুদ করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় ও ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এ লক্ষ্যে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান এবং তৎপরতা অব্যাহত থাকবে।
৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রের কোনো ঠাঁই নেই। নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।
পাহাড়ে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে বিজিবি।






