ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ, পাল্টাপাল্টি দোষারোপ দুই পক্ষের।

টুইট ডেস্ক: ফেনীর দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশের সূর্যের হাসি ক্লিনিক রোডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ফয়সাল, শিবলু, মহিবুল ইসলাম রাজু, আবুল বাশার, হৃদয় সওদাগর, জহিরুল হক জুয়েল, মেহেদী হাসান, জুয়েল, তানভির, মো. শামীম ও ইয়াকুব আলী। তাঁদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে।

ঘটনার জন্য উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিনকে দায়ী করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক। তাঁর দাবি, পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের কেরোনিয়া এলাকায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে জসিম উদ্দিনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়।

ফটিক আরও দাবি করেন, গত বৃহস্পতিবারও তাঁদের পক্ষের ইসমাইল হোসেন নামের এক নেতাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এ বিষয়ে পরিবেশমন্ত্রীকেও জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জসিম উদ্দিন। তাঁর দাবি, ফটিক ও তাঁর অনুসারী মোস্তাফিজুর রহমান পলাশের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং তাঁর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের বাড়িতে হামলার চেষ্টা করা হয়। স্থানীয়রা সম্মিলিতভাবে তা প্রতিহত করেন। ঘটনার সময় তিনি নিজের খামারে ছিলেন বলেও দাবি করেন জসিম।

অন্যদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন বলেন, দল থেকে বহিষ্কৃত কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে তাঁর বাড়ির সামনে চার থেকে পাঁচটি বিস্ফোরণ ঘটানো হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় লোকজন প্রতিরোধ গড়ে তোলেন এবং তাঁদের ধাওয়া করেন।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব জানান, সংঘর্ষের পর ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁদের মধ্যে আবুল বাশারের একটি আঙুলের কিছু অংশ বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত আবুল বাশার, মহিবুল ইসলাম রাজু ও হৃদয় সওদাগরকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ দীর্ঘদিনের। উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে পরিবেশমন্ত্রীর ছোট ভাই আকবর হোসেন এবং জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।

২০২৪ সালের ২২ ডিসেম্বর কমিটি ঘোষণার পর থেকে দুই পক্ষের মধ্যে একাধিকবার হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এরপর ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।