অর্ণবের কনসার্টে অব্যবস্থাপনা, দর্শকদের দুয়োধ্বনি

টিকিট কিনেও বসার জায়গা পাননি অনেকে, সাউন্ড সিস্টেম নিয়েও অভিযোগ; সামাজিক মাধ্যমে ছড়িয়েছে ক্ষোভের ভিডিও।
টুইট প্রতিবেদক: সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের জনপ্রিয় অ্যালবাম ‘হোক কলরব’-এর দুই দশক পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কনসার্ট ঘিরে দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। টিকিট কিনেও বসার জায়গা না পাওয়া, সাউন্ড সিস্টেমের ত্রুটি এবং সার্বিক অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকদের অনেকে। একপর্যায়ে আয়োজকদের উদ্দেশে দুয়োধ্বনিও দেন তাঁরা।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বলরুমে কনসার্টটির আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজক টোয়েন্টিজ কমিউনিকেশনস।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবিতে দর্শকদের অসন্তোষের চিত্র উঠে এসেছে। এক দর্শকের অভিযোগ, জনপ্রতি দুই হাজার টাকা করে ছয়টি টিকিট কিনে ছয়জন কনসার্টে এলেও তাঁদের দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে হচ্ছে। অথচ পাঁচ তারকা হোটেলের বলরুমে এমন আয়োজনের ক্ষেত্রে বসার ব্যবস্থা থাকার প্রত্যাশা করেছিলেন তাঁরা।
কনসার্ট শুরুর আগের একটি ছবিতে দেখা যায়, হলের ভেতরে বসার জন্য কোনো চেয়ার রাখা হয়নি। অনেক দর্শককে মেঝেতে বসে থাকতে দেখা যায়। সামনের দিকে কয়েকজন দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলেন।
শুধু বসার ব্যবস্থা নিয়েই নয়, কনসার্টের শব্দব্যবস্থা নিয়েও অভিযোগ তুলেছেন দর্শকেরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে বলতে শোনা যায়, স্পিকার ঠিকমতো কাজ না করায় গান পরিষ্কারভাবে শোনা যাচ্ছে না। এমনকি কোন গান পরিবেশিত হচ্ছে কিংবা কে গান গাইছেন, সেটিও বোঝা কঠিন হয়ে পড়েছিল বলে অভিযোগ তাঁদের।
অন্য একটি ভিডিওতে আয়োজকদের উদ্দেশে দর্শকদের দুয়োধ্বনি দিতে দেখা যায়। এসব ভিডিও ছড়িয়ে পড়ার পর কনসার্টের ব্যবস্থাপনা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালে প্রকাশিত হয় অর্ণবের জনপ্রিয় একক অ্যালবাম ‘হোক কলরব’। অ্যালবামটির দুই দশক পূর্তি উপলক্ষে বিশেষ এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এর আগে ২০ নভেম্বর অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও শিল্পীর ব্যক্তিগত জীবনের জরুরি পরিস্থিতির কারণে তা পিছিয়ে ২৭ নভেম্বর নির্ধারণ করা হয়।
কনসার্টে অর্ণবের পাশাপাশি আহমেদ হাসান সানি, মাশা ইসলাম ও সুনিধি নায়েকের সংগীত পরিবেশনার কথা রয়েছে। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি চলার নির্ধারিত সময়সূচি ছিল।
তবে দর্শকদের এসব অভিযোগের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।






