এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে ৭ দিনের সার্ভে

প্রকৃত যানবাহনের সংখ্যা নিরূপণ ও টোলের হিসাব প্রকাশ করবে সেতু কর্তৃপক্ষ।

টুইট প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায়ে স্বচ্ছতা, নির্ভুলতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাত দিনব্যাপী ট্রাফিক সার্ভে শুরু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সার্ভে শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টোল আদায়ের প্রতিবেদন জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।

গত মঙ্গলবার শুরু হওয়া এ কার্যক্রমের অগ্রগতি ও টোল ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সেতু ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব তথ্য জানান সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

সভায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আদায় ব্যবস্থাপনা, যানবাহন চলাচলের তথ্য সংরক্ষণ, ইলেকট্রনিক টোল আদায় পদ্ধতি চালু এবং প্রকল্পের অসমাপ্ত কাজ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেতু বিভাগের সচিব জানান, ট্রাফিক সার্ভে শেষ হওয়ার পর প্রতিবেদন অনুযায়ী টোল আদায়ের তথ্য প্রকাশ করা হবে। এতে প্রকল্পের আয়-ব্যয়সংক্রান্ত তথ্য সম্পর্কে জনসাধারণের জানার সুযোগ বাড়বে এবং টোল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে।

প্রকৃত যানবাহনের সংখ্যা নিরূপণ এবং টোল আদায়ের হিসাবের নির্ভুলতা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় যানবাহন গণনাযন্ত্র স্থাপনের কাজ চলছে। সভায় এ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর টোল ব্যবস্থাপনার জন্য ইলেকট্রনিক টোল আদায় পদ্ধতি দ্রুত চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

এ ছাড়া প্রকল্পের অসমাপ্ত নির্মাণকাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেন সেতু বিভাগের সচিব। বিশেষ করে সোনারগাঁওয়ের ইএন-২ সংযোগপথের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

নির্মাণকাজ চলাকালে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ঝু শিন ও ঝাং হাইফেংসহ প্রকল্পের পর্যবেক্ষণ দলের আহ্বায়ক, প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।